মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে গণসংবর্ধনা: স্বতন্ত্র উপজেলা করার আশ্বাস

মাগুরার বেরোইল পলিতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শনিবার বিকাল ৩টায় দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির উদ্যোগে বেরোইল হাই স্কুল মাঠে এই গণসংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ফুলের মালা দিয়ে মন্ত্রীকে বরণ করে নেন।

​দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক মো. নওশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “এলাকায় কোনো প্রকার দুর্নীতি ও অনিয়ম হতে দেওয়া হবে না। অনিয়ম রোধে বিভিন্ন বাজারে প্রয়োজনে অভিযোগ বক্স বসানো হবে।”

​তিনি এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, জলাবদ্ধতা নিরসনে খাল খনন এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে। এছাড়া দক্ষিণ মাগুরা ইউনিটের চার ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি ‘স্বতন্ত্র উপজেলা’ গঠনের বিষয়েও তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।

​যুবদল নেতা মাস্টার অলিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. সাজ্জাদুর রহমান, মুন্সি লিয়াকত হোসেন ও মোহাম্মদ রফিকুল ইসলাম।

​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেরোইল পলিতা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পারভেজ মোল্লা, দক্ষিণ মাগুরা যুবদলের আহ্বায়ক ইমরুজ্জামান সোহেল, ইউপি সদস্য রাজা গাজী, বিএনপি নেতা তাজেনুর রহমান তাজেন, যুবদল নেতা মুন্সি ইমরুজ্জামান এবং জাসাস নেতা মোহাম্মদ আলমগীর হোসেন। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী সভায় অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন