মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বুধবার (১১ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের পুরাতন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন ধরনের পোশাক, পাঞ্জাবি, টুপি ও কসমেটিকসের দোকানে তদারকি করা হয়। এ সময় ‘ভীনদেশী’ নামক একটি শোরুমে পাকিস্তানি পোশাকের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারা এবং কসমেটিকস পণ্যের আমদানিকারকের প্রমাণপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই মালিকানাধীন ‘নাবীয়ানা’ নামক প্রতিষ্ঠানে একটি টুপির মূল্য ৪ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করায় দোকানিকে সতর্ক করা হয়। এ সময় ব্যবসায়ীদের রমজান মাসে অযৌক্তিকভাবে কোনো পণ্যের মূল্য বৃদ্ধি না করার জন্য সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক সজল আহম্মেদ।






