চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কৃষি জমির মাটি কেটে পুকুর খনন ও মাটি বিক্রির দায়ে মজিবুর রহমান (৫৪) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে এক লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার ২৫ জানুয়ারি দুপুরে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উপাদী গ্রামে এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত মজিবুর রহমান ওই গ্রামের লাল মিয়ার ছেলে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে কৃষি জমির মাটি কেটে পুকুর তৈরি করছিলেন এবং সেই মাটি অন্যত্র বিক্রি করছিলেন। যা ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। অভিযান চলাকালে মতলব দক্ষিণ থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে আইনশৃঙ্খলায় সহায়তা প্রদান করে। সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা জানান, কৃষি জমি রক্ষায় সরকার বদ্ধপরিকর। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সুস্পষ্ট লঙ্ঘন করায় এই দণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






