Edit Content
বৃহস্পতিবার,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় নেশাদ্রব্য দিয়ে অচেতন করে মায়ের কোল থেকে ৩ মাসের শিশু চুরি

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে নেশাদ্রব্য প্রয়োগ করে এক মায়ের কোল থেকে তিন মাস বয়সী এক শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শিশুটিকে উদ্ধারে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে। চুরি হওয়া শিশুটির নাম জিদনী ইসলাম আলিফা। সে দক্ষিণ চরপাতা গ্রামের আব্দুর রব ও সুমাইয়া বেগম দম্পতির তৃতীয় কন্যা সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে সুমাইয়া বেগম তার তিন মাসের শিশুকে সঙ্গে নিয়ে মালেরহাট বাজারসংলগ্ন একটি ক্লিনিকে ওষুধ কিনতে যান। এ সময় একটি চক্র দুইশো টাকার একটি নোট দেখিয়ে কথা বলার একপর্যায়ে নোটের সঙ্গে নেশাদ্রব্য ব্যবহার করে তাকে অচেতন করে ফেলে। পরে সুযোগ বুঝে শিশুটিকে নিয়ে পালিয়ে যায় তারা। পরবর্তীতে শিশুটির মায়ের জ্ঞান ফিরলে তিনি শিশুটি চুরি হয়ে যাওয়ার কথা জানিয়ে আবারও অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
শিশুটির দাদি ফাতেমা খানম অভিযোগ করে বলেন, বোরকা পরিহিত এক নারী দুইশো টাকার নোট মুখের সামনে ধরে নোটটি কত টাকার জানতে চান। এর পরপরই তার পুত্রবধূ অচেতন হয়ে পড়েন। এরপরই চক্রটি শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। তিনি দ্রুত তার নাতনীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও আহাজারি বিরাজ করছে। শিশুটির বাবা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালাচ্ছেন।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহিম জানান, ঘটনার খবর পাওয়ার পর তিনি নিজেসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশুটিকে উদ্ধারে বাংলাদেশ পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট কাজ করছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত শিশুটি উদ্ধার হবে এমন আশাই করছেন পরিবার ও স্থানীয়রা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বৃহস্পতিবার,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ