ভোলায় জমে উঠেছে ঈদ বাজার

আর মাত্র কয়েকদিন পরই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে ভোলায় জমে উঠেছে ঈদের কেনাকাটার বাজার। জেলার বিভিন্ন মার্কেট, শপিংমল ও ফুটপাতের দোকানগুলোতে এখন ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে।
ভোলা শহরের জিয়া সুপার মার্কেট, বঙ্গ বাজার, কে-জাহান মার্কেট, জাহাঙ্গীর প্লাজা, তালুকদার ভবন, সদর রোড, নতুন বাজারসহ বিভিন্ন শোরুম ও বিপণিবিতান ঘুরে দেখা যায়, সকাল থেকেই ক্রেতাদের আনাগোনা থাকলেও ইফতারের পর বাজারে ভিড় কয়েকগুণ বেড়ে যায়। শিশু-কিশোরদের পোশাকের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। থ্রি-পিস, শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, জিন্স, টি-শার্ট ও জুতার দোকানগুলোতে চলছে জমজমাট বেচাকেনা।
ভোলা শহরের একজন পোশাক ব্যবসায়ী মো. জসিম উদ্দিন বলেন, রমজানের শুরুতে বিক্রি কিছুটা কম ছিল। তবে গত কয়েকদিন ধরে ক্রেতা বাড়তে শুরু করেছে।
শহরের সদর রোডের এক জুতা ব্যবসায়ী আল আমিন বলেন, ঈদকে সামনে রেখে শিশু ও তরুণদের জুতার চাহিদা সবচেয়ে বেশি। বিভিন্ন ডিজাইনের স্যান্ডেল, কেডস ও লেদারের জুতা তুলনামূলক বেশি বিক্রি হচ্ছে।
অন্যদিকে মোবাইল ফোনের দোকানগুলোতে তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। শহরের তালুকদার ভবনের এক মোবাইল ব্যবসায়ী মোঃ হোসেন বলেন, জুতা, পোশাক ও কসমেটিকসের দোকানগুলোতে ঈদের আমেজ দেখা গেলেও মোবাইল ব্যবসায় এখনো তেমন ঈদের রঙ লাগেনি। তবে ঈদ যত ঘনিয়ে আসবে, ততই মোবাইল বিক্রি বাড়বে বলে তিনি আশা করছেন।
কসমেটিকস ব্যবসায়ী মোঃ মিজান বলেন, ঈদকে ঘিরে মেয়েদের মধ্যে কসমেটিকসের চাহিদা বাড়ে। লিপস্টিক, ফেস পাউডার, মেহেদি, পারফিউম ও স্কিন কেয়ার পণ্যের বিক্রি এখন ভালো হচ্ছে।
কেনাকাটা করতে আসা এক ক্রেতা মাহমুদা আক্তার বলেন, দ্রব্যমূল্য বেশি হলেও সন্তানদের জন্য ঈদের পোশাক কিনতেই হয়। তাই পরিবারের সবাইকে নিয়ে বাজারে এসেছি। অপর ক্রেতা নুরুল ইসলাম জানান, এবার অনেক দোকানেই নতুন ডিজাইনের পোশাক এসেছে। তবে কিছু পণ্যের দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি।
ব্যবসায়ীরা জানান, ঈদ যত ঘনিয়ে আসছে বাজারে ক্রেতাদের চাপ ততই বাড়ছে। তাই ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের নতুন পোশাক ও সামগ্রী বাজারে আনা হয়েছে। ঈদকে সামনে রেখে ভোলার বাজারগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঈদকে ঘিরে ব্যবসায়ী ও ক্রেতাদের কেনাকাটার ব্যস্ততায় যেনো উৎসবের রঙ লেগেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন