ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ অভিযানে একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জেলা পুলিশ সূত্র জানায়, কাচিয়া ইউনিয়ন এর চকঢোষ এলাকায় গত ৩১ ডিসেম্বর ২০২৫ ভোরে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তৎপরতা শুরু করে। তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহার নেতৃত্বে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিশেষ অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ আরিফ (২২) ও মোঃ রহিম (২২), যাদের পদ্মমনসা এলাকা থেকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির মালামাল ক্রয়ের অভিযোগে মোঃ মাসুদ আলম (৪০) ও মোঃ কামাল উদ্দিন (৪৫)-কে কুঞ্জেরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আসামিদের জিজ্ঞাসাবাদে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আরিফ ও রহিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।





