বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। দলের নির্বাচনী জনসভা একদিন পিছিয়ে ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন তিনি বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বেলস পার্ক মাঠ পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, “দীর্ঘ প্রায় ২০ বছর পর আমাদের নেতা তারেক রহমান বরিশালে আসছেন। তার আগমন এবং জনসভা ঘিরে বিএনপিতে নানা প্রস্তুতি চলছে।”
সরোয়ার আরও বলেন, “জনসভায় তারেক রহমানের বক্তব্য দলের জন্য ঐতিহাসিক। এটি নির্বাচন পরিচালনা এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই বরিশালে তার আগমন এবং বক্তব্যের মাধ্যমে দলের ধারাবাহিকতা বজায় থাকবে। ২৬ তারিখের পরিবর্তে সফর ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সব যুবক, ছাত্র ও এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে তাকে বরণ করবে। আমাদের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে—মিছিল, মিটিং, এবং অন্যান্য আয়োজন চলছে।”
জনসভা পরিদর্শনে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার প্রমুখ।
২০০৬ সালের পর বরিশালে বিএনপির নেতা হিসেবে প্রথমবার সফর করছেন তারেক রহমান। সেই সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। এবার চেয়ারম্যান হিসেবে তার আগমন বরিশাল অঞ্চলের বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
বৃহত্তর বরিশাল অঞ্চলের নেতা-কর্মীরা বলেন, জনসভার মাধ্যমে এলাকার সমর্থক ও সাধারণ মানুষকে দলীয় কার্যক্রম এবং নির্বাচনী বার্তার সঙ্গে পরিচিত করানো হবে।






