ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির কার্যালয়ে সাধারণ মানুষের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় ও গণশুনানিতে অংশ নিয়েছেন ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ তাদের ব্যক্তিগত, সামাজিক, প্রশাসনিক ও আইনশৃঙ্খলাসংক্রান্ত নানা সমস্যা ও দাবি-দাওয়া সরাসরি তাঁর কাছে তুলে ধরেন।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রায় ৮০ থেকে ৯০ জন সাধারণ মানুষ অংশ নেন। সংসদ সদস্য রফিকুল আলম মজনু উপস্থিত ব্যক্তিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন, লিখিত অভিযোগগুলো গ্রহণ করেন এবং সমস্যা অনুযায়ী দ্রুত ও কার্যকর সমাধানের আশ্বাস দেন।
আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয়গুলো নিষ্পত্তির লক্ষ্যে তিনি ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এছাড়া উপজেলা প্রশাসনের মাধ্যমে সমাধানযোগ্য সমস্যার ক্ষেত্রে সংশ্লিষ্টদের লিখিত আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।
সামাজিক ও সাংগঠনিক উদ্যোগে সমাধান করা সম্ভব এমন বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার (গোলাপ), উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমদ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন, মো. ইব্রাহিমসহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, জনগণের সমস্যার সমাধানই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি সংশ্লিষ্ট সকলকে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ও কার্যকরভাবে সমস্যা সমাধানে আন্তরিক হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত সাধারণ মানুষ তাদের বক্তব্য সরাসরি উপস্থাপনের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের গণমুখী মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন






