ফুলগাজীতে উন্নয়নের নামে চরম ঝুঁকি

ফেনী–বিলোনিয়া আঞ্চলিক মহাসড়কের ফুলগাজী বাজার অংশে সড়ক উন্নয়নের নামে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। একটি দুইতলা বিশিষ্ট ভবনের কলাম (পিলার) অপসারণ না করেই কলামের নিচের অংশ কেটে রাস্তার কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান—যা এলাকাজুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার জায়গায় থাকা ভবনের কলাম আইন ও নকশা অনুযায়ী সরানোর কথা থাকলেও তা না করে ‘পাতাল সড়ক’ বানানোর মতো করে কলামের নিচ কেটে রাস্তা প্রশস্ত করা হচ্ছে। এতে একদিকে যেমন ভবনটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, অন্যদিকে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলামের নিচের অংশ কেটে ফেলার ফলে ভবনের ভারসাম্য নষ্ট হয়েছে। সামান্য কম্পন বা ভারী যানবাহন চলাচলেই ভবন ধসে পড়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। অথচ এসব ঝুঁকি উপেক্ষা করেই দ্রুত কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, নিয়ম-নীতি ও নিরাপত্তা মানদণ্ডের তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে ভবন মালিক ও ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে এই কাজ চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের।
এলাকাবাসীর প্রশ্ন—আইন অনুযায়ী যেখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ বা কলাম সরানোর কথা, সেখানে কীভাবে কলাম অক্ষত রেখে নিচ কেটে রাস্তা নির্মাণ করা হচ্ছে? এ দায়িত্ব কার, আর এই ঝুঁকিপূর্ণ কাজের অনুমতিই বা কে দিল?
সচেতন মহলের মতে, অবিলম্বে কাজ বন্ধ করে বিষয়টি তদন্ত করা জরুরি। নকশা ও প্রকৌশলগত নিরাপত্তা নিশ্চিত না করে এভাবে কাজ চলতে থাকলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ফুলগাজী বাজারের মতো ব্যস্ত এলাকায় এমন অনিয়ম চলতে থাকলে তা শুধু একটি ভবনের জন্য নয়, পুরো এলাকার মানুষের জীবন ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে—এমনটাই আশঙ্কা স্থানীয়দের।
জসিম উদ্দিন 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন