রাজবাড়ীর পাংশা উপজেলায় সরকারি কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, এমপি পাংশায় আগমন করেন।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকালে তারা পাংশা উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়। এ সময় রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য হারুন-অর-রশিদ, রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম (সেবা), জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে তারা পাংশা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দেশের দরিদ্র ও নিম্নআয়ের মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার নতুন উদ্যোগ গ্রহণ করেছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রকৃত উপকারভোগীরা সরাসরি সরকারি সহায়তা পাবেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, সরকারের উন্নয়নমূলক ও মানবকল্যাণমূলক কার্যক্রম সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ধরনের কর্মসূচি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নতুন আশার দ্বার উন্মোচন করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নির্বাচিত উপকারভোগীদের হাতে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন।



