পটুয়াখালী, ০৩ মার্চ ২০২৬:
মহাসমারোহে পটুয়াখালীতে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা। সোমবার রাতে হোলিকা দাহনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। মঙ্গলবার সকালে গৌর পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী রাধা-কৃষ্ণের আরাধনার মাধ্যমে মূল আয়োজন সম্পন্ন হয়।
সকালে মন্দির প্রাঙ্গণে ভক্তরা পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন। পরে রাধা-কৃষ্ণের বিগ্রহে আবির অর্পণ করা হয় এবং একে অপরকে রঙ ছিটিয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। দোল উৎসব উপলক্ষে জেলার বিভিন্ন মন্দিরে ছিল বিশেষ পূজা, কীর্তন ও প্রসাদ বিতরণের আয়োজন।
উৎসবকে ঘিরে মন্দির প্রাঙ্গণে নাচ-গান ও ভক্তিমূলক সংগীতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। সনাতনী যুবক-যুবতী, তরুণ-তরুণী, কিশোর-কিশোরী, শিশু থেকে শুরু করে মধ্যবয়সী ও প্রবীণরাও অংশ নেন এই আনন্দ আয়োজনে। সকলের মনে বিরাজ করে উৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ তিথিতে হোলিকা নামক রাক্ষসীর বিনাশের পর শ্রীকৃষ্ণ রাধা ও গোপিনীদের সঙ্গে রঙের উৎসবে মেতে ওঠেন। সেই ঐতিহ্য অনুসারেই প্রতি বছর গৌর পূর্ণিমা তিথিতে দোল বা হোলি উৎসব পালিত হয়ে আসছে।
জেলা জুড়ে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব পালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ জনগণ।




