জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৫ মে) নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা ও যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে তাকে সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় এবং মঙ্গলবার তার নামে গেজেট প্রকাশ করা হয়েছে।
এর আগে সরকারি চাকরি সংক্রান্ত জটিলতার কারণে জামায়াত জোট ও এনসিপির আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিতে গেলে রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেননি।
পরবর্তীতে নুসরাত তাবাসসুম আদালতের দ্বারস্থ হলে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আদালতের নির্দেশনার পর নির্বাচন কমিশন নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাই শেষে ২ মে তা বৈধ ঘোষণা করে।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার (৫ মে) তাকে সংসদ সদস্য হিসেবে চূড়ান্তভাবে ঘোষণা করে গেজেট প্রকাশ করা হলো।






