নিম্নমানের নির্মাণসামগ্রী দেখে ক্ষুব্ধ এমপি, কাজ বন্ধের নির্দেশ

নির্মাণকাজে নিম্নমানের ইট-বালি ব্যবহার দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। নিম্নমানের এসব নির্মাণসামগ্রী সরিয়ে নির্ধারিত মানের সামগ্রী ব্যবহার নিশ্চিত না করা পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শনে গিয়ে এমন নির্দেশ দেন সংসদ সদস্য।
এদিন তিনি সোমেশ্বরী নদীর ওপর নির্মাণাধীন কাইতকান্দা সেতু, মধ্যনগর-টুকের বাজার সাবমার্সিবল সড়ক এবং উড়াল সড়ক প্রকল্পের ৭ নম্বর প্যাকেজের কাজ ঘুরে দেখেন। এর মধ্যে উড়াল সড়ক প্রকল্পের ৭ নম্বর প্যাকেজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৭৯ লাখ টাকা।
পরিদর্শনের সময় উড়াল সড়ক প্রকল্পের কাজে ব্যবহৃত ইট ও বালির মান নিয়ে প্রশ্ন তোলেন এমপি কামরুজ্জামান কামরুল। পরে তিনি উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিনকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশ দেন।
এ সময় এমপি বলেন, “উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা নিম্নমানের সামগ্রী ব্যবহার মেনে নেওয়া হবে না। জনগণের টাকায় যে কাজ হচ্ছে, তা অবশ্যই নির্ধারিত মান বজায় রেখেই করতে হবে।”
তিনি আরও বলেন, “কোনো প্রকল্পের কাজে অনিয়ম দেখা গেলে আমাকে সরাসরি জানাবেন। গণমাধ্যমকর্মীরাও এসব বিষয়ে নজর রাখবেন। উন্নয়নকাজের মানের সঙ্গে কোনো আপস করা হবে না।”
এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত মধ্যনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য। পরে তিনি মধ্যনগরে রাতযাপন করেন।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু ও মো. আবুল বাশার, যুবদলের আহ্বায়ক গোলাম সইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

ইশরাকের মতো ত্যাগীরা নির্দেশ পায় পদত্যাগের, নুর-রাশেদরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন

Scroll to Top