নাটোর শহরের কান্দিভিটা এলাকার কদমতলা মোড়ে সন্ত্রাসী হামলায় আবুল কালাম আজাদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে মাহমুদ কাউসার (২৫) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (রাত) সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ একই এলাকার শাহাজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ চিৎকার-চেঁচামেচির শব্দে এলাকাবাসী কদমতলা মোড়ে ছুটে আসেন। সেখানে গিয়ে তারা দেখতে পান, একই এলাকার আলামিন, হামজা, ইমনসহ ১০ থেকে ১২ জন যুবক আবুল কালাম আজাদ ও তার ছেলে মাহমুদ কাউসারের ওপর এলোপাতাড়ি হামলা চালাচ্ছে। হামলাকারীরা তাদের বেধড়ক মারধর করে এবং এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত আবুল কালাম আজাদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে অবস্থার অবনতি হলে রাত ১টা ১০ মিনিটে তালাইমারি এলাকায় পৌঁছানোর পরই তিনি মারা যান।
অন্যদিকে গুরুতর আহত মাহমুদ কাউসারকে রাত পৌনে ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পেছনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা না গেলেও স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।





