রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নুর মোহাম্মদ (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৪ মার্চ) বিকেল প্রায় ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারি এলাকার ঢাকা–খুলনা মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারি এলাকায় অবস্থান নেয়। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী একটি লোকাল পরিবহনে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে নুর মোহাম্মদকে আটক করা হয়।
পরে তার কাছে থাকা একটি কালো রঙের ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।
আটক নুর মোহাম্মদ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলাবাজার গ্রামের আনোয়ার ব্যাপারীর ছেলে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজেকে অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করেছেন এবং জব্দ করা অস্ত্র ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বহন করছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





