খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পুরাতন বাজার এলাকায় মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক খামারির ওপর পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে। গত ২০ তারিখ বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে এ হামলা সংঘটিত হয়। গুরুতর আহত খামারি মো. মহরম আলী (৪৮) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল সেন্টারের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খামারের আশপাশে মাদক সেবন ও বিক্রি চলছিল। বিষয়টি টের পেয়ে মো. মহরম আলী সংশ্লিষ্টদের বাধা দেন এবং এলাকা ছাড়ার নির্দেশ দেন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, তারা আগে খামারের মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় এবং পরে স্থানীয়ভাবে বিষয়টি উত্থাপন করায় তাকে হত্যার পরিকল্পনা করে।
ঘটনার দিন ইফতারের সময় অধিকাংশ মানুষ যখন ব্যস্ত, তখন হামলাকারীরা সুযোগ বুঝে মহরম আলীর ওপর অতর্কিত আক্রমণ চালায়। হ্যামার দিয়ে তার মাথায় এলোপাতাড়ি আঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল এবং সেখান থেকে চট্টগ্রামে রেফার করা হয়।
এ ঘটনায় মো. ইলিয়াস (৪৫), মো. রিয়াজ (২৮), মো. রিপন (২৬), মো. ইউনুস, মো. আক্কাস ও মো. ইউসুফসহ কয়েকজনের নাম উঠে এসেছে। তাদের বিরুদ্ধে পরিকল্পিত হত্যাচেষ্টার অভিযোগ করা হয়েছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার বলেন,-ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকসংক্রান্ত কোনো অপরাধকে আমরা ছাড় দেব না। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা মাদক ব্যবসা দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।