,পাওনা টাকা চওয়াকে কেন্দ্র করে লোহাগড়ায় যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহত আলিনুর ফকির ওই এলাকার আব্দুল হাই ফকিরের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে একদল দুর্বৃত্ত ওত পেতে থেকে আলিনুর ফকিরের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় আলিনুরের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হত্যাকাণ্ডের খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ঘটনার তদন্ত শুরু করে।এ বিষয়ে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, “ঘটনার খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যেই বিশেষ অভিযান শুরু হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ে,ন করা হয়েছে।






