সরকারি হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা সঠিক সময়ে উপস্থিত থাকছেন কি না তা যাচাই করতে নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে তিনি হঠাৎ করেই পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। এসময় তিনি হাসপাতালের জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, রোগীদের ওয়ার্ড, ডাক্তারদের চেম্বার এবং ল্যাবরেটরিসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
প্রায় এক ঘণ্টারও বেশি সময় হাসপাতালে অবস্থান করেও অধিকাংশ চিকিৎসককে অনুপস্থিত দেখতে পেয়ে মন্ত্রী দুঃখ প্রকাশ করেন। এসময় তিনি নরসিংদীর সিভিল সার্জনকে ফোন করে বিষয়টি অবহিত করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আতিকুল ইসলাম, পলাশ থানার পরিদর্শক (তদন্ত) কুতুবুল আলম এবং পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল-মামুন।
উল্লেখ্য, গত ৫ মার্চ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নির্ধারিত সময়ে চিকিৎসকদের উপস্থিত না থাকার বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হলে তা স্বাস্থ্যমন্ত্রীর নজরে আসে। পরে চিকিৎসকদের সময়মতো হাসপাতালে উপস্থিত থাকার বিষয়ে কঠোর বার্তা দেন তিনি।





