ঝালকাঠির কাঠালিয়ায় ব্রিজ নির্মাণে ব্যাপক অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

​ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৫ নং শৌলজালিয়া ইউনিয়নে একটি ব্রিজ নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিনাপানি কানাইপুর হালদার বাড়ী সংলগ্ন এই ব্রিজটির নির্মাণকাজে নিম্নমানের ইট, খোয়া ও জমাট বাঁধা সিমেন্ট ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এছাড়া ব্রিজের সংযোগ সড়ক ও গাইড ওয়াল নির্মাণ না করা এবং নকশা অনুযায়ী পাইলিং না করার বিষয় নিয়েও জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
​সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করে দেখা যায়, নির্মাণস্থলে প্রায় ১৬ হাজার নিম্নমানের ইট স্তূপ করে রাখা হয়েছে, যার অধিকাংশই ব্যবহারের অনুপযোগী এবং ভেঙে চুরমার হয়ে আছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকাশ্যে অনিয়ম চালিয়ে যাচ্ছে। গাইড পোস্ট  নির্মাণের জন্য রিং( চুড়ি)তে প্রয়োজনীয় রড ব্যবহারের কথা থাকলেও সেখানে রডের বদলে নামমাত্র গুনা (তার) ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া, পূর্বে তৈরি করা ব্লকগুলোও ইতিমধ্যেই ভেঙে যেতে শুরু করেছে, যা নির্মাণকাজের নিম্নমানের বহিঃপ্রকাশ।
​প্রকল্পের অনিয়ম সম্পর্কে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. লিটন হোসেন এবং সাইট ইনচার্জ শাহিন হোসেন কোনো সদুত্তর দিতে পারেননি। বরং উল্টো তারা সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেন এবং বলেন, ‘আপনাদের কাজ নিয়ে করার থাকলে করেন।’ এলাকাবাসীর তথ্যমতে, এই প্রকল্পটির ঠিকাদার হিসেবে স্থানীয়ভাবে ‘তাপু ভাই’ পরিচিত। এই বিষয়ে প্রকৌশলী সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন বন্ধ পাওয়া যায়।
​স্থানীয়রা জানান, পাইলিংয়ের গভীরতা নকশা অনুযায়ী দেওয়া হয়নি, যা ব্রিজের দীর্ঘস্থায়িত্বকে মারাত্মক হুমকির মুখে ফেলছে। তারা আরও বলেন, “আমরা এই এলাকা দিয়ে চলাচল করি। যে সিমেন্ট ও ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে, তাতে এই ব্রিজ খুব বেশিদিন টিকবে না। গাইড ওয়াল না থাকায় এবং সংযোগ সড়ক অসম্পূর্ণ রাখায় বর্ষা মৌসুমে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হবে।”
​অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবেই ঠিকাদারি প্রতিষ্ঠান এমন বেপরোয়া আচরণ করার সাহস পাচ্ছে। সঠিক সময়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে সরকারি অর্থ অপচয়ের পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন সচেতন এলাকাবাসী।
​এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং প্রকল্পের গুণগত মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন