বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি জার্সি এখন প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে।
প্রদর্শিত জার্সিটিতে লিওনেল মেসির পাশাপাশি ২০২২ ফুটবল বিশ্বকাপ জয়ী দলের দুই সদস্য জুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজেরও স্বাক্ষর রয়েছে। জার্সিটি বাংলাদেশ জাতীয় জাদুঘরকে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাদুঘর সূত্রে জানা গেছে, প্রতিদিন বিভিন্ন বয়সী দর্শনার্থী মেসির স্বাক্ষরিত এই জার্সি দেখতে আসছেন। বিশেষ করে তরুণ ফুটবলপ্রেমীদের মধ্যে প্রদর্শনীটি ঘিরে উৎসাহ বেশি লক্ষ্য করা যাচ্ছে। অনেকের মতে, এটি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য অন্যতম আকর্ষণীয় প্রদর্শনীর একটি।
বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির ব্যবহৃত ও স্বাক্ষরিত স্মারক বিশ্বজুড়েই ভক্তদের কাছে বিশেষ মূল্য বহন করে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে প্রদর্শিত এই স্বাক্ষরিত আর্জেন্টিনা জার্সিও ফুটবল প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।






