জমে উঠতে শুরু করেছে সাভার-আশুলিয়ার ঈদের কেনাকাটা

ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে সাভার ও আশুলিয়ার বিভিন্ন মার্কেটের কেনাকাটা। রোজা শুরুর পর থেকেই ধীরে ধীরে ক্রেতাদের উপস্থিতি বাড়তে শুরু করলেও এখন প্রতিদিনই মার্কেটগুলোতে দেখা যাচ্ছে ভিড়। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠছে এলাকার বিপণিবিতান, শপিংমল ও ফুটপাতের দোকানগুলো।

সাভার বাজার, সাভার নিউ মার্কেট, সিটি সেন্টার, রাজ্জাক প্লাজা, চৌরঙ্গী মার্কেট, ইউসুফ মার্কেট জাতীয় অন্ধ সংস্থা মার্কেটসহ  বিভিন্ন মার্কেট ভোরে দেখা যায় পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি। বিশেষ করে নারী ও শিশুদের পোশাকের দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদকে সামনে রেখে নতুন নতুন ডিজাইনের পোশাক বাজারে আসায় ক্রেতাদের আগ্রহও বেড়েছে।
সাভার সিটি সেণ্টারে কেনাকাটা করতে আসা হাফিজ  বলেন, “প্রতিবছরের মতো এবারও পরিবারের সবার জন্য ঈদের পোশাক কিনতে এসেছি। রোজার শুরুতে মার্কেটে ভিড় একটু কম থাকলেও এখন অনেক বেড়েছে। দাম কিছুটা বেশি মনে হলেও পছন্দের জিনিস পেয়ে যাচ্ছি।”
নিউ মার্কেটে কেনাকাটা করতে আসা গৃহিণী  মকুলি আক্তার  বলেন, “ঈদের সময় নতুন পোশাক না কিনলে বাচ্চারা খুব মন খারাপ করে। তাই তাদের নিয়ে আজ মার্কেটে এসেছি। বিভিন্ন দোকানে অনেক নতুন ডিজাইনের পোশাক এসেছে, তবে দাম কিছুটা বেশি।
আশুলিয়া বাজারে কেনাকাটা করতে আসা কলেজছাত্রী সাদিয়া ইসলাম বলেন, “ঈদের কেনাকাটার জন্য বন্ধুবান্ধবদের সঙ্গে মার্কেটে এসেছি। বিভিন্ন ব্র্যান্ডের থ্রি-পিস ও গাউনের নতুন কালেকশন এসেছে। অনেক ঘুরে দেখে পছন্দমতো কিছু পোশাক কিনেছি।
অন্যদিকে বিক্রেতারাও বলছেন, রোজার প্রথম সপ্তাহে বেচাকেনা কিছুটা কম থাকলেও এখন ধীরে ধীরে ক্রেতা বাড়ছে। সামনে ঈদের দিন যত ঘনিয়ে আসবে, ততই বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তারা।
সাভার নিউ মার্কেটের পোশাক ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, “রোজার প্রথম দিকে বেচাকেনা খুব একটা ভালো ছিল না। তবে এখন প্রতিদিনই ক্রেতা বাড়ছে। বিশেষ করে সন্ধ্যার পর মার্কেটে অনেক ভিড় হয়। আশা করছি ঈদের আগের সপ্তাহে বেচাকেনা আরও ভালো হবে।
আশুলিয়ার বাইপাইলে অবস্থিত  এক দোকানি মিজানুর রহমান বলেন, “আমরা ঈদকে সামনে রেখে আগেই নতুন নতুন পোশাক দোকানে তুলেছি। ভারতীয় ও দেশীয় বিভিন্ন ডিজাইনের পোশাক এসেছে। ক্রেতারা আস্তে আস্তে আসছেন এবং পছন্দমতো কিনছেন।”
ফুটপাতের দোকানগুলোর অবস্থাও বেশ জমজমাট। কম দামের কারণে অনেক ক্রেতাই ফুটপাতের দোকান থেকে পোশাক কিনতে আগ্রহী হচ্ছেন। এতে করে ফুটপাতের ব্যবসায়ীরাও বেশ ভালো বিক্রির আশা করছেন।
ফুটপাতের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, “আমাদের দোকানে কম দামে ভালো মানের পোশাক পাওয়া যায়। তাই অনেকেই এখান থেকে কেনাকাটা করেন। এখন প্রতিদিনই বিক্রি বাড়ছে। ঈদের আগে আরও বেশি হবে বলে আশা করছি।
তবে অনেক ক্রেতা অভিযোগ করছেন, কিছু কিছু দোকানে পোশাকের দাম তুলনামূলক বেশি রাখা হচ্ছে। এ বিষয়ে ক্রেতা আরিফুল ইসলাম বলেন, “একই ধরনের পোশাক একেক দোকানে একেক দামে বিক্রি হচ্ছে। তাই কেনাকাটা করার আগে কয়েকটি দোকান ঘুরে দেখা ভালো।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে মার্কেটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি যানজট এড়াতে প্রশাসনও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
সাভার বাজার ব্যবসায়ী সমিতির এক সদস্য জানান, “ঈদ উপলক্ষে মার্কেটে ক্রেতাদের ভিড় বাড়ছে। ক্রেতারা যেন স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন সেজন্য আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি।
সব মিলিয়ে বলা যায়, ঈদুল ফিতরকে সামনে রেখে সাভার ও আশুলিয়ার মার্কেটগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সামনে ঈদের দিন যতই ঘনিয়ে আসবে, ততই এই কেনাকাটার আমেজ আরও বাড়বে বলে মনে করছেন ক্রেতা ও বিক্রেতারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন