চট্টগ্রামে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান কর্মসূচি

চট্টগ্রামে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান কর্মসূচি
হারানো জীবিকার দাবিতে কণ্ঠ মিলল চট্টগ্রামে। ইসলামি  ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা ও কর্মচারীরা তাঁদের চাকরি পুনর্বহালের দাবিতে নগরীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে
রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকেই নগরীর অভিজাত হোটেল রেডিসন ব্লুর সামনে জড়ো হতে থাকেন তারা। তখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ওই হোটেলেই অবস্থান করছিলেন। ধীরে ধীরে হোটেল চত্বর ভরে ওঠে চাকরিচ্যুত ব্যাংকারদের উপস্থিতিতে। অনেকের পরনে ছিল ‘চাকরিচ্যুত ব্যাংকার’ লেখা টি-শার্ট—যেন নীরবে নিজেদের পরিচয় আর বেদনার ইতিহাস তুলে ধরছিলেন তারা।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি জানান। “উই ওয়ান্ট জাস্টিস”, “তারেক রহমানের আহ্বান, শুভেচ্ছা স্বাগতম”, “ভোট দিবে কিসে, ধানের শীষে”—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।
বেলা ১১টা ৪৪ মিনিটে তারেক রহমান হোটেল থেকে জনসভার উদ্দেশে বের হলে আন্দোলনকারীরা তাঁর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। চোখে ছিল প্রত্যাশা, কণ্ঠে ছিল দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ আর হতাশা।
আন্দোলনকারীদের দাবি, তারা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন। ন্যায্য কোনো কারণ ছাড়াই তাদের কর্মজীবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। এ অবস্থায় তারা বিএনপির চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করছেন, যেন হারানো অধিকার ও সম্মান ফিরে পান।
চাকরিচ্যুত ব্যাংকার ইলিয়াস হোসেন বলেন,
“আমাদের সঙ্গে চরম অন্যায় করা হয়েছে। আমরা চাই, নির্বাচনের পর বিএনপির চেয়ারম্যান আমাদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন। সেই আশাতেই আজ এখানে আসা।”
জীবিকার দাবিতে এই অবস্থান কর্মসূচি শুধু একটি আন্দোলন নয়, বরং অসংখ্য পরিবারে নেমে আসা অনিশ্চয়তা আর বঞ্চনার নীরব আর্তনাদ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন