গোয়ালন্দে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা: তরুণ স্বর্ণ ব্যবসায়ী শিথিল বিশ্বাস সেতুর মৃত্যু

 মোটরসাইকেল দুর্ঘটনায় শিথিল বিশ্বাস সেতু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিলু শেখের পাড়া এলাকার বাসিন্দা এবং গোয়ালন্দ বাজারের পরিচিত স্বর্ণ ব্যবসা প্রতিষ্ঠান ‘সেতু জুয়েলার্স’-এর মালিক কমল বিশ্বাসের ছেলে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কের পাশে সাবেক পৌর মেয়র নজরুল মণ্ডলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশার সঙ্গে সেতুর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার সময় তার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
পরিবারের আহাজারি নিহতের শ্বশুর, গোয়ালন্দের দৌলতদিয়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী রঞ্জিত কুমার পোদ্দার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,
“প্রায় এক বছর আগে সেতু আমার মেয়েকে বিয়ে করে। এত অল্প সময়ের মধ্যে এমন একটি দুর্ঘটনায় তাকে হারাতে হবে, তা কল্পনাও করতে পারিনি।”
এলাকায় শোকের ছায়া
তরুণ বয়সে সেতুর এমন আকস্মিক মৃত্যুতে গোয়ালন্দ বাজারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ব্যবসায়ী মহল, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন