রাজবাড়ীর কালুখালী উপজেলায় সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার আড়িট ব্রিজ সংলগ্ন রতনদিয়া মৌজার এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রতনদিয়া মৌজার ৭৮ নম্বর দাগের রাস্তার পাশের ১ নম্বর খাস খতিয়ানের সরকারি জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে একটি স্থাপনা নির্মাণ করা হয়েছিল। স্থানীয়ভাবে এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে উপজেলা প্রশাসন। তদন্তে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের সত্যতা পাওয়া গেলে উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কালুখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত ছিল। অভিযানে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনাটি ভেঙে অপসারণ করা হয়।
অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ বলেন, সরকারি জমি দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ নেই। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রশাসনের পক্ষ থেকে নোটিশ প্রদান করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনাটি অপসারণ না করায় আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, কালুখালী উপজেলার বিভিন্ন স্থানে সরকারি খাস জমি দখল করে যেসব অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে, সেগুলোর তালিকা প্রস্তুত করা হচ্ছে। পর্যায়ক্রমে এসব জায়গায় অভিযান চালিয়ে অবৈধ দখলমুক্ত করা হবে।
এদিকে স্থাপনাটির মালিক দাবি করা ভুক্তভোগী মোহাম্মদ আলী মণ্ডল বলেন, তিনি ঘর নির্মাণের জন্য রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডে আবেদন করেছিলেন এবং এখনো অনুমোদনের অপেক্ষায় ছিলেন। তার অভিযোগ, উপজেলা প্রশাসন থেকে তাকে কোনো লিখিত নোটিশ না দিয়েই স্থাপনাটি উচ্ছেদ করা হয়েছে।
স্থানীয়রা জানান, সরকারি জমি দখলমুক্ত করতে প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকলে এলাকায় শৃঙ্খলা বজায় থাকবে এবং ভবিষ্যতে কেউ সহজে সরকারি জমি দখল করার সাহস পাবে না।



