খুলনার কয়রায় বনজীবীদের মাঝে নৌকা সহ জীবন সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৯ অক্টোবর সোমবার সকালে উপজেলার উত্তর বেদকাশী কাটমারচর খেয়াঘাটে বনজীবীদের মাঝে জীবনজীবিকা ও সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ৪০ জন বনজীবীদের মাঝে নৌকা, জাল ও লাইফ জ্যাকেট বিতরণ করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দিন, উত্তর বেদকাশী ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার নূর কামাল হোসেন ও শাহাবুদ্দিন মোল্লা।
অনুষ্ঠানে এমপি আবুল কালাম আজাদ বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল অসহায় বনজীবীদের জীবনযাত্রার মানোন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিদেশি দাতা সংস্থার এ ধরনের উদ্যোগ কয়রার দুস্থ বনজীবীদের স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এলাকার সার্বিক উন্নয়নে মানবকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
দাতা সংস্থার আঞ্চলিক প্রতিনিধি আবু হাসান বলেন, জলবায়ু ঝুঁকি ও নানা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা কয়রার উপকূলীয় বনজীবীদের স্বাবলম্বী করাই আমাদের মূল লক্ষ্য। তাদের নিরাপদ উপার্জনের সুবিধার্থেই এ সহায়তা দেওয়া হয়েছে।
সহায়তা পেয়ে উপকারভোগী আরিফুল ইসলাম বলেন, সুন্দরবনে জীবন বাজি রেখে মাছ ও কাঁকড়া ধরে আমাদের সংসার চলে। এতদিন নিজের নৌকা ও জাল না থাকায় অন্যের নৌকায় কাজ করে খুব কষ্টে দিন কাটাতে হতো। আজ নতুন নৌকা, জাল আর লাইফ জ্যাকেট পেয়ে আমাদের অনেক উপকার হলো। এখন থেকে নিরাপদে উপার্জনের মাধ্যমে সংসার চালাতে পারবো।




