ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুটি বিবদমান গ্রুপের একই স্থানে ইফতার মাহফিল আহ্বানকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৮ মার্চ) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছিলেন বিএনপি থেকে বহিষ্কৃত ও গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়া সাইফুল ইসলাম ফিরোজ। এই কর্মসূচির জন্য তিনি আগেভাগেই প্রশাসনের কাছে আবেদন করেন এবং মৌখিকভাবে অনুমতি লাভ করেন।
তবে একই সময়ে একই স্থানে ধানের শীষের সাবেক প্রার্থী রাশেদ খানের অনুসারীরাও পাল্টা ইফতার মাহফিলের ঘোষণা দিয়ে প্রশাসনের কাছে আবেদন জানায়। দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকায় ওই এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জননিরাপত্তার স্বার্থে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজেওয়ানা নাহিদ জরুরি ভিত্তিতে ১৪৪ ধারা জারির নির্দেশ দেন। নির্দেশনায় বলা হয়েছে: নির্ধারিত এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ। একই স্থানে চার বা ততোধিক ব্যক্তির অবস্থান দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
ইউএনও রেজেওয়ানা নাহিদ জানান, “একই স্থানে দুই পক্ষ কর্মসূচি ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছিল। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা এই কঠোর অবস্থানে গিয়েছি।”
সকাল থেকেই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি থমথমে থাকলেও প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন এবং কাউকে সন্দেহজনকভাবে জড়ো হতে দিচ্ছেন না।







