চট্টগ্রামের আনোয়ারার শ্রীশ্রী জয়কালী ও শ্রীশ্রী জ্বালাকুমারী মায়ের স্মরণে দুইদিনব্যাপী উৎসব আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি জয়কালী বাজার প্রাঙ্গণে এ উৎসব শুরু হয়েছে। শেষ হবে শনিবার, ২১ ফেব্রুয়ারি ভোরে।
এদিকে উৎসব উপলক্ষে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে-গীতা পাঠ, ধর্মালোচনা সভা, শিক্ষাসামগ্রী বিতরণ ও সার্বজনীন ভূবনমঙ্গলসহ আরও নানা আয়োজন।
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি সকাল ৭টায় উলুধ্বনি ও শঙ্খধ্বনি ও জয়বাদ্যসহকারে গঙ্গা আহ্বান, সকাল ১০টায় গীতা পাঠ, দুপুর ১টায় মহাপ্রসাদ আস্বাদন ও বিকেল ৪টায় ধর্মালোচনা সভা।
সভায় প্রধান অতিথি থাকবেন শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট ধর্মীয় বক্তা উত্তম কুমার চক্রবর্তী ।
সভাশেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হবে। সন্ধ্যা ৬টায় মহানামযজ্ঞের শুভ অধিবাস ও রাত ৯টায় মহাপ্রসাদ আস্বাদন।
নামসুধা পরিবেশন করবেন-গোঠের রাখা সম্প্রদায়-চট্টগ্রাম, শিপ্রা সম্প্রদায়-খুলনা, মীরার গিরিধারী সম্প্রদায়-গোপালগঞ্জ ও জীবন কৃষ্ণ সম্প্রদায়-ঢাকা।
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ভোরে মহানামযজ্ঞ আরম্ভ ও সারারাত মহানাম নামসংকীর্তন, সকাল ৮টায় ঠাকুরের বাল্যভোগ, সকাল ৯টায় ঠাকুরের পূজা, সকাল ১০টায় শ্রীশ্রী জয়কালী ও শ্রীশ্রী জ্বালাকুমারী মায়ের পূজা, বেলা ১২টায় ঠাকুর ও মায়ের রাজভোগ নিবেদন, সন্ধ্যা ৬টায় সন্ধ্যারতি ও রাত ৯টায় অন্নপ্রসাদ আস্বাদন।
শনিবার, ২১ ফেব্রুয়ারি ভোরে নগর কীর্তন, কুঞ্জভঙ্গ ও শুভ মহানামযজ্ঞের পূর্ণাহুতি।
আয়োজিত অনুষ্ঠানমালায় ভক্তদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি পলাশ বিশ্বাস ও সাধারণ সম্পাদক সুমন চৌধুরী।






