জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু বলেছেন, রমজান মাসে সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য যে খেজুর বরাদ্দ দেওয়া হয়, সেই উদ্যোগের কথা জনগণের সামনে প্রথম তুলে ধরেছেন কাঠালিয়া-রাজাপুর আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার (১১ মার্চ) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই মন্তব্য করেন।
ডা. মাহমুদা মিতু তার পোস্টে উল্লেখ করেন, “হাসনাত আবদুল্লাহ এমপি না হলে সরকার যে সাধারণ মানুষের জন্য খেজুর বরাদ্দ দেয়, তা জনগণ কোনোদিন জানত না। অতীতে এসব বরাদ্দ এলেও এলাকার প্রভাবশালী নেতাদের মাধ্যমেই তা শেষ হয়ে যেত, সাধারণ মানুষ এর সুফল পেত না।” তিনি এমপির এই স্বচ্ছতা ও জনমুখী উদ্যোগের প্রশংসা করেন।
নিজের শারীরিক অসুস্থতা ও স্বাস্থ্যগত জটিলতার কথা উল্লেখ করে তিনি জানান, ব্যক্তিগত প্রতিকূলতা সত্ত্বেও তিনি এলাকার উন্নয়ন ও জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। মিতু বলেন:
কাঠালিয়া-রাজাপুর উপজেলার মসজিদ ও মাদ্রাসার বিশেষ বরাদ্দের জন্য গত নভেম্বরে আবেদন করা হয়েছিল। ডিসেম্বরে তা অনুমোদিত হলেও নির্বাচনের কারণে স্থগিত ছিল, যা এখন বিতরণের প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রতিটি মসজিদ ও মন্দির ২ লাখ টাকা করে সরকারি বরাদ্দ পাবে।
আগামী কিছুদিনের মধ্যেই কাঠালিয়া অঞ্চলের রাস্তাঘাট সংস্কার ও উন্নয়নের জন্য ১১৩ কোটি টাকার বিশাল প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে।
যারা এখনো বরাদ্দ পাননি, তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডা. মাহমুদা মিতু বলেন, “যতদিন আছি, আপনাদের জন্য চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আমার অঞ্চলের জনগণের এক পয়সা হকও কাউকে নষ্ট করতে দেব না।”
তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করে আরও বলেন, “ক্ষমতার লোভ আমার কোনোদিন ছিল না, তবে আপনাদের জন্য কাজ করার লোভ চিরকাল থাকবে। যারা দুর্নীতি করে জনগণের সম্পদ আত্মসাৎ করবে, তারা শেষ পর্যন্ত টিকতে পারবে না। জনগণের অধিকার রক্ষা এবং স্বচ্ছ উন্নয়ন নিশ্চিত করাই আমার একমাত্র লক্ষ্য।”





