সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজাপুরে অর্ধশতাধিক পরিবারের ঈদ উদযাপন বুধবার

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সংহতি রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিয়েছেন ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের অর্ধশতাধিক পরিবার। বুধবার (২৭ মে) পবিত্র এই উৎসব পালনের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়রা।
​মঙ্গলবার (২৬ মে) বিকেলে ডহরশংকর গ্রামের দারুস সুন্নাহ জামে মসজিদের সভাপতি মো. রিপন হাওলাদার জানান, বুধবার সকাল সাড়ে ৭টায় স্থানীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন দারুস সুন্নাহ জামে মসজিদের খতিব মো. আব্দুল্লাহ। ঈদগাহে নারী ও পুরুষদের নামাজের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে।
​স্থানীয়রা জানান, ২০১১ সাল থেকে এই গ্রামের ৫০টির বেশি পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ পালন করে আসছেন। তারা বিশ্বাস করেন, নবী করীম (সা.)-এর নির্দেশনা অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করেই উৎসব পালন করা সঠিক।
​এ বিষয়ে খতিব মো. আব্দুল্লাহ বলেন, ‘আমরা ইসলামী শরিয়াহর বিধান মেনে চাঁদ দেখার ওপর নির্ভর করেই রোজা ও ঈদ উদযাপন করি। সৌদি আরবে ঈদের ঘোষণা আসার পর থেকেই আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি।’
​দীর্ঘদিন ধরে এই রীতি পালন করে আসা গ্রামবাসী গাজী রবিউল ইসলাম অনিক, সাওকাত হাওলাদার ও অলিউল্লাহ জানান, শুরুর দিকে নানা বাধার সম্মুখীন হতে হলেও বর্তমানে বিষয়টি এলাকার মানুষের কাছে একটি স্বাভাবিক ধর্মীয় চর্চা হিসেবে স্বীকৃত।
​ঈদকে কেন্দ্র করে ডহরশংকর গ্রামের ওই পরিবারগুলোতে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। ঘরে ঘরে তৈরি করা হয়েছে নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার ও মিষ্টান্ন। প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের আপ্যায়নের মধ্য দিয়ে তারা আনন্দের সাথে এই ঈদ উদযাপন করবেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন