সাভার উপজেলার সাভার সদর ইউনিয়নের ২ নম্বর কলমা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে একটি অবৈধ রাইজার জব্দ করা হয় এবং সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে জরিমানাও করা হয়েছে।
রবিবার দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। তিতাস গ্যাস কর্তৃপক্ষের তথ্যমতে, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা এবং তার ভাই আরশাদ আলীর বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছিলো।
তিতাসের কর্মকর্তারা জানান, এর আগেও একাধিকবার ওই বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আবারও অবৈধভাবে সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রবিবার আরশাদ আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বাড়ির ভেতরে একটি পাকা ট্যাংকির মধ্যে লুকানো অবস্থায় একটি অবৈধ রাইজার পাওয়া যায়। পরে সেটি জব্দ করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানের সময় আরশাদ আলী ঘটনাস্থলে উপস্থিত না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তার স্ত্রীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।






