রাজবাড়ীতে ফিলিং স্টেশনে প্রশাসনের অভিযান, কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য না নিতে সতর্কতা

রাজবাড়ী সদর উপজেলায় বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোলিয়াম তেলের মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৬) রাজবাড়ী সদর উপজেলার পলাশ ফিলিং স্টেশন, রাজবাড়ী ফিলিং স্টেশন, সপ্তবর্ণা ফিলিং স্টেশন, করিম ফিলিং স্টেশন ও কাজী ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুজ্জামান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল হক।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেলের সার্বিক মজুদ, চাহিদা ও সরবরাহ পরিস্থিতি যাচাই-বাছাই করা হয়। এ সময় স্টেশনগুলোর বিক্রয়মূল্য নির্ধারিত সরকারি দামের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা পর্যবেক্ষণ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে ফিলিং স্টেশন মালিক ও সংশ্লিষ্টদের সতর্ক করে বলা হয়, কোনো অবস্থাতেই নির্ধারিত দামের বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রি করা যাবে না এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোক্তাদের ভোগান্তিতে ফেলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানকালে উপস্থিত ক্রেতা ও সাধারণ মানুষকেও প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল মজুদ না করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে নাগরিক দায়িত্ববোধ থেকে বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে সচেতন থাকার পরামর্শ দেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পেট্রোলিয়াম তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে অস্থিতিশীলতা রোধে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এতে স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন