মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ জনকে পুশ ইন চেষ্টার অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্ত দিয়ে ভারত থেকে ৬ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার ভোরে তেঁতুলবাড়ীয়া সীমান্তের মেইন পিলার ১০৪-এর সাব-পিলার ৫ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র ও বিজিবি জানিয়েছে। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছ দিয়ে ৬ জন ব্যক্তি বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিজিবি ও স্থানীয় বাসিন্দারা তাদের বাধা দিলে তারা আবার সীমান্তের অপর প্রান্তে ফিরে যান। বর্তমানে তারা কাঁটাতারের বেড়ার পাশেই অবস্থান করছেন বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, ওই ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু রয়েছে। তাদের পরিচয় এবং জাতীয়তা যাচাইয়ের চেষ্টা চলছে।

সীমান্ত এলাকায় অবস্থানরত বিজিবি সদস্যরা মাইকিংয়ের মাধ্যমে তাদেরকে সীমান্তের ওপারে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজিবি তেঁতুলবাড়ীয়া ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন