মাগুরায় মাদকদ্রব্যসহ আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুর ১টার দিকে মাগুরা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মাগুরার যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন সুমন ও সুজন। তাদের মধ্যে একজনের বাড়ি ওয়াবদা এলাকায় এবং অপরজনের বাড়ি নরিহাটি-শিবরামপুর এলাকায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাগুরার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।
যৌথ অভিযানে জেলা প্রশাসনের পক্ষে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক মো. বেলাল হোসেন। এ সময় অধিদপ্তরের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, আজকে মাদক সহ দুইজনকে আটক করতে সক্ষম হয়। মাগুরায় মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।







