প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্ত করতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির গুরুত্ব তুলে ধরে মাগুরায় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাগুরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে “প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য” শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সাইদুর রহমান মৃধা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফজাল হোসেন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জাহিদুল আলম, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এবং সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী মো. জয়নুর রহমান।
সেমিনারে বক্তারা বলেন, দেশের মোট জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ প্রতিবন্ধী। তাদের বাদ দিয়ে টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব নয়। প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, দক্ষতা ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে শিক্ষা উপবৃত্তি কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বক্তারা আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের বোঝা হিসেবে না দেখে সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা ও সামাজিক অন্তর্ভুক্তির মাধ্যমে তাদের মূলস্রোতধারায় সম্পৃক্ত করা গেলে তারা দেশের উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
সেমিনারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সমাজসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সুধীজন অংশগ্রহণ করেন।





