ভোলায় কৃষি প্রযুক্তির বিস্তার ও শস্য বিন্যাস বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

ভোলার কৃষি উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র বরিশাল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলার যৌথ উদ্যোগে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরন প্রকল্পের অর্থায়নে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালাটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে “ভোলা অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সমূহের সম্প্রসারণ ও বিদ্যমান শস্য বিন্যাসে অন্তর্ভুক্তকরণে করণীয়” শীর্ষক এই কর্মশালায় বক্তারা ভোলার মাটি ও জলবায়ু উপযোগী বিভিন্ন উচ্চফলনশীল জাতের আবাদ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বিনা ময়মনসিংহের এসআরএবি প্রকল্প পরিচালক ড. মো: মাহাবুবুল আলম তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহ পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা) ড. শামসুন্নাহার বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের এসআরএবি প্রকল্পের উপ-পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলা-এর উপ-পরিচালক মোঃ খায়রুল ইসলাম মল্লিক। অনুষ্ঠানে ভোলার কৃষি বিষয়ের বিভিন্ন বিষয় নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিনা বরিশাল অঞ্চলের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিনা ময়মনসিংহের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর জুলকার নাঈন।
কর্মশালায় বক্তারা বলেন, পরিবর্তিত জলবায়ুর সাথে খাপ খাইয়ে ভোলার কৃষিকে আরও লাভজনক করতে বিনা উদ্ভাবিত লবণাক্ততা সহিষ্ণু ও স্বল্প জীবনকালের জাতগুলো বৈপ্লবিক ভূমিকা রাখতে পারে। বর্তমান শস্য বিন্যাসে বিনা উদ্ভাবিত নতুন জাতের বীজগুলো কৃষকদের মাঝে ব্যবহার করার মাধ্যমে কৃষকরা বছরে একাধিক ফসল উৎপাদন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।
বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে আয়োজিত এ কর্মশালায় ভোলার বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, মাঠ পর্যায়ের প্রান্তিক কৃষকগণ, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, আভাস, কোস্ট ফাউন্ডেশনসহ বিভিন্ন এনজিও’র কৃষি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় বিনা’র উদ্ভাবিত কৃষির বিভিন্ন জাত মাঠ পর্যায়ের কৃষকদের মাঝে দ্রুত ছড়িয়ে দেয়াসহ কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
ক্যাপশন : ভোলায় কৃষি প্রযুক্তির বিস্তার ও শস্য বিন্যাস বিষয়ক আঞ্চলিক কর্মশালা বক্তব্য রাখছেন বিনা ময়মনসিংহ পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা) ড. শামসুন্নাহার বেগম।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন