যশোরের চৌগাছা উপজেলায় ড্রাগনের বাগানের ভেতর থেকে প্রায় ৯ ফুট উঁচু একটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাগানের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া নান্নু মিয়া উপজেলার গুয়াতলী (কারিগরপাড়া) গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে।
চৌগাছা থানা–পুলিশ জানায়, বুধবার (১৬জুলাই) সকালে উপজেলার গুয়াতলী (কারিগরপাড়া) গ্রামে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মো. নান্নু মিয়া (৫০) নামে এক ব্যক্তির নিজস্ব আবাদি জমিতে ড্রাগনের ক্ষেতের পূর্ব পাশে লাগানো একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা গাঁজা গাছটির কান্ড ও ডালপালাসহ উচ্চতা প্রায় ৯ ফুট। কাঁচা অবস্থায় গাছটির ওজন আনুমানিক ২ কেজি ৬০০ গ্রাম।
চৌগাছা থানা–পুলিশ আরও জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নান্নু মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা গাঁজা গাছ জব্দ করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।






