পটুয়াখালীর সদর উপজেলার মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ঢাকার মোহাম্মদপুর থানার হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি, চাঁদাবাজ ও কথিত শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৫) গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সন্ধ্যায় র্যাব-৮ (বরিশাল) এর সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-২ মোহাম্মদপুরের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানাধীন মুসলিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোল্লা কাউসার পটুয়াখালী জেলার বড় বিঘাই এলাকার কেউয়াবুনিয়া গ্রামের শানু প্রকাশ মামুন মৃধার ছেলে। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় বসবাস করতেন।
র্যাব সূত্রে জানা যায়, অভিযুক্তরা মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসার একটি স্পট নিয়ন্ত্রণ করত। অভিযোগ রয়েছে, ওই এলাকার এক ব্যক্তি ও তার বন্ধু মিলে মাদক স্পটটি বন্ধ করে দিলে এতে ক্ষিপ্ত হয়ে গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মোহাম্মদপুরের বসিলা রোড এলাকায় সংঘবদ্ধভাবে ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় অভিযুক্তরা। হামলায় তারা গুরুতর রক্তাক্ত জখম হন। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, ঘটনার পর থেকেই তারা ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্তরা কৌশলে এলাকা পরিবর্তন করে আত্মগোপনে গিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তবে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত হয়ে র্যাবের আভিযানিক দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব-৮ এর সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন







