আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ জেলায় এক অভাবনীয় ও আধুনিক নিরাপত্তা বলয় গড়ে তুলেছে জেলা পুলিশ। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ করার লক্ষ্যে ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজালের সরাসরি দিক-নির্দেশনায় চালু করা হয়েছে বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন “আমার ভোট কেন্দ্র”।
আজ অপরাহ্নে জেলা পুলিশ কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই ডিজিটাল উদ্ভাবনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনেই নির্বাচনী নিরাপত্তায় এই অ্যাপটি এক নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
“আমার ভোট কেন্দ্র” অ্যাপটি মূলত সাধারণ ভোটার ও নিরাপত্তা বাহিনীর মধ্যে একটি ডিজিটাল সেতু হিসেবে কাজ করবে। এর মাধ্যমে ভোটাররা তাদের নির্দিষ্ট কেন্দ্রের অবস্থান, নিকটস্থ নিরাপত্তা ক্যাম্প এবং জরুরি প্রয়োজনে পুলিশের তাৎক্ষণিক সহায়তা গ্রহণ করতে পারবেন। ঝিনাইদহের পুলিশ সুপারের এই দূরদর্শী পদক্ষেপকে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
অ্যাপ্লিকেশনটির সফল উদ্বোধন ও পুলিশ সুপারের নিরলস উদ্ভাবনী প্রচেষ্টাকে সম্মান জানিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল মহোদয়কে এই বিশেষ সম্মাননা ও ধন্যবাদ জ্ঞাপন স্মারক প্রদান করেন।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় এই অ্যাপ্লিকেশনটি স্বচ্ছ ও সহিংসতামুক্ত নির্বাচনের এক অনন্য মডেল হিসেবে কাজ করবে।
জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে এই অ্যাপটি ব্যবহারের জন্য উৎসাহিত করা হয়েছে।জেলা পুলিশের অফিসিয়াল পেজে দেওয়া QR Code স্ক্যান করে অথবা কমেন্ট সেকশনে পিন করা লিংকে ক্লিক করে সহজেই অ্যাপটি স্মার্টফোনে ইনস্টল করা যাবে।
ঝিনাইদহ জেলা পুলিশ সুপার বলেন,আমাদের লক্ষ্য একটি উৎসবমুখর ও নিরাপদ নির্বাচন। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।



