দুমকীতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

পটুয়াখালীর দুমকী উপজেলায় (পটুয়াখালী–১১১ আসন) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পর্যায়ে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, বরিশাল মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি, বরিশাল রেঞ্জ মহোদয়, পুলিশ সুপার, পটুয়াখালী মহোদয় এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বরিশাল মহোদয়।
কর্মশালায় প্রিজাইডিং অফিসারদের নির্বাচন পরিচালনার বিভিন্ন দিকনির্দেশনা, ভোটগ্রহণের আইন ও বিধি-বিধান, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা, ব্যালট ও ইভিএম ব্যবহারের নিয়মাবলি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, “সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হচ্ছে, যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়।”
কর্মশালায় বক্তারা নির্বাচনকালীন পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আইনানুগ দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় দুমকী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন