জামালপুরে ট্রেনে স্বর্ণের গয়নাসহ ব্যাগ রেখে নেমে গেলেন যাত্রী,৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

বুধবার দুপুর ১২টায় জামালপুর রেলস্টেশন থেকে মারুফ হোসেন মুন্না নামে একজন যাত্রী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটিতে তিনি জয়দেবপুর থেকে উঠে জামালপুর স্টেশনে নেমে পড়েন। কিন্তু ভুলে তার ট্রাভেল ব্যাগটি ট্রেনের ‘ঘ’ বগিতে ৩২ নম্বর সীটের ওপরের তাকে ফেলে আসেন। ব্যাগের ভেতরে নতুন বানানো একজোড়া স্বর্ণের কানের দুল, একজোড়া রূপার পায়ের মল, দরকারি কাগজপত্র এবং কাপড়চোপড় রয়েছে। তিনি ব্যাগটি উদ্ধারে সহযোগিতার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান।
৯৯৯ কলটেকার কনস্টেবল তুষার মামুন কলটি গ্রহণ করেছিলেন। তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ এবং দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ থানায় ব্যাগটি উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি জানানো হয়। উদ্ধার তৎপরতার বিষয়টি তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই হরলাল রায়।
সংবাদপ্রাপ্ত হয়ে দেওয়ানগঞ্জ রেলওয়ে থানার একটি দল ট্রেনটি দেওয়ানগঞ্জ পৌঁছালে ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। কলারকে খবর দেওয়া হলে তিনি দেওয়ানগঞ্জ রেলওয়ে থানা থেকে ব্যাগটি বুঝে নিয়ে যান।  দেওয়ানগঞ্জ রেলওয়ে থানার এসআই স্বপন ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন