ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ইং উপলক্ষে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের কেন্দুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের ২ ও ৩ নং ওয়ার্ডের একটি অস্থায়ী কেন্দ্র কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ঘটিয়েছে ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারে সরেজমিনে গিয়ে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি দিবাগত গভীর রাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে । খবর পেয়ে কার্যালয়টি পরিদর্শন করেছেন, পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ।
স্থানীয়দের ধারণা যে বা যারা আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে নস্যাৎ করতে চায়, তারাই এর সাথে জড়িত ।
জানা যায়, নির্বাচনী প্রচার প্রচারণা, মিছিল ও সভা সমাবেশকে কেন্দ্র করে গতকাল (৮ ফেব্রুয়ারি) বিএনপি বা ধানের শীষ প্রতীকের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর ঘোড়া মার্কার সমর্থকদের মধ্যে একটি চাপা উত্তেজনা ছিলো । যা এখনো বিরাজমান ।
বিদ্যাভল্বভ বাজারের চা বিক্রেতা ও বাজারের একজন পাহারাদার মোঃ ফারুক মিয়া বলেন, আনুমানিক রাত ২টা আড়াইটার দিকে আগুন জ্বলতে দেখে অন্য আরো দুইজন পাহারাদারকে ডেকে আগুন নিয়ন্ত্রণে আনি ।
ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ খালিদ সাইফুল্লাহ, কেন্দ্র কার্যালয়ের আহ্বায়ক ও উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল হক, গড়াডোবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মোঃ লিটন, বাজার পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা হলে, আমরা কাউকে আগুন দিতে দেখি নি । পরে শুনেছি ৷ আমরা মনে করি, ফ্যাসিস্ট ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক গোষ্ঠী এর সাথে জড়িত থাকতে পারে ।
কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ রিফাতুল ইসলাম মুঠোফোনে জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে আমরা বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি । সেই আলোকে ঐ কার্যালয়েও গিয়েছিলাম । খুব বড় রকমের কোন অগ্নিসংযোগের ঘটনা ঘটে নি । তাছাড়া এ বিষয়ে কোন লিখিত অভিযোগও পাই নি ।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী মাকসুদ মুঠোফোনে জানান, এ বিষয়ে কোন লিখিত অভিযোগও পাই নি ৷ অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।







