রাজবাড়ী, ৩১ মার্চ ২০২৬: রাজবাড়ী জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুলতানা আক্তার কালুখালী উপজেলা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের দাপ্তরিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
উপজেলা পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক কালুখালীর চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। একইসঙ্গে কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও উন্নতমানের বীজ বিতরণ করেন।
দারিদ্র্য বিমোচনে সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় তিনি নারীর ক্ষমতায়ন ও আয়বর্ধক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি, পাঠদানের মান উন্নয়ন এবং আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) জনাব শামস সাদাত মাহমুদ উল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের এ পরিদর্শন কালুখালী উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।






