উৎসবমুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কলেজের সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
বৃহস্পতিবার সকালে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
এ সময় মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. কামরুল হাসান, মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহসিন উদ্দিন ফকির, কলেজের বিভাগীয় প্রধান ডা. আব্দুল্লাহেল কাফি, সহযোগী অধ্যাপক ডা. আব্দুল হাইসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থীরা নানা সাজে সজ্জিত হয়ে বাঁশি বাজিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি সদর হাসপাতাল থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মাগুরা মেডিকেল কলেজের হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণ শেষে শিক্ষার্থীরা উন্মুক্ত আড্ডায় মিলিত হন।
বিকেলে মাগুরা জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. কামরুল হাসান বলেন, ২০১৮ সালে মাগুরা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। হাটি হাটি পা পা করে প্রতিষ্ঠানটি সপ্তম বছর পেরিয়ে অষ্টম বছরে পদার্পণ করেছে। তবে প্রতিষ্ঠার এত বছর পরও কলেজটি নিজস্ব ক্যাম্পাস পায়নি। শিক্ষক সংকট থাকলেও সাত বছরে খুলনা ও রাজশাহী বিভাগের মধ্যে মেডিকেল পরীক্ষার ফলাফলে পরপর চারবার প্রথম স্থান অর্জন করেছে মাগুরা মেডিকেল কলেজ। এছাড়া এক বছরের মধ্যে এ কলেজের ১১ শিক্ষার্থী সফলভাবে এফসিপিএস সম্পন্ন করেছেন, যা প্রতিষ্ঠানের অন্যতম বড় অর্জন।
তিনি বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল ও আধুনিক পরিবেশে পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে দ্রুত মাগুরা মেডিকেল কলেজের নিজস্ব ভবন ও ক্যাম্পাস নির্মাণ করা প্রয়োজন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথম বর্ষের শিক্ষার্থী সায়মা আলী বলেন, অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সব শিক্ষার্থী আনন্দের সঙ্গে একত্রিত হয়েছেন। দিনব্যাপী তারা আনন্দ, আড্ডা ও বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন। তবে নিজস্ব ক্যাম্পাস না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
তিনি আরও বলেন, চিকিৎসা শিক্ষায় আধুনিক প্র্যাকটিক্যাল ল্যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মাগুরা মেডিকেল কলেজে প্রয়োজনীয় আধুনিক প্র্যাকটিক্যাল ল্যাবের ঘাটতি রয়েছে। তাই শিক্ষার্থীদের পক্ষ থেকে দ্রুত নিজস্ব ক্যাম্পাস ও আধুনিক শিক্ষা-সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হচ্ছে।

মন্তব্য করুন