আমাকে এক সপ্তাহ সময় দিন, দেখি কিভাবে কিশোর গ্যাং থাকে’ — চাঁদপুরের এসপি মিজানুর রহমানের কঠোর বার্তা

চাঁদপুর জেলায় কিশোর গ্যাং, সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান।
দায়িত্ব গ্রহণের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আমাকে এক সপ্তাহ সময় দিন, দেখি কিভাবে কিশোর গ্যাং থাকে।” তাঁর এই দৃঢ় উচ্চারণ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ মানুষের মধ্যেও এ বক্তব্য ইতিবাচক সাড়া ফেলেছে।
পুলিশ সুপার বলেন, কিশোর গ্যাংয়ের নামে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। অপরাধে জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে অপরাধমুক্ত রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শুধুমাত্র গ্রেপ্তার বা আইন প্রয়োগ নয়, কিশোরদের অপরাধের পথ থেকে ফিরিয়ে আনতে সচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হবে। সমাজভিত্তিক উদ্যোগের মাধ্যমে অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ কাজ করবে।
এসপি মিজানুর রহমান জানান, চাঁদপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং দমনে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। কোনো অপরাধী বা অপরাধচক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
চাঁদপুরের নতুন পুলিশ সুপারের এমন কঠোর বার্তায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে স্বস্তি ও আশাবাদের সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ বাস্তবায়িত হলে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন